বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: উত্তরের ৮ জেলার সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন


বগুড়ার সান্তাহারের বাগবাড়িতে ঢাকা থেকে চিলিহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সংস্কার কাজ চলায় রেললাইনে ফাটল থাকা সত্ত্বেও চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে ট্রেন চালানোয় এই বিপত্তি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সান্তাহারের বাগবাড়ি এলাকায় রেললাইন মেরামতের কাজ চলছিল। গত রাত ১১টা নাগাদ এক স্থানীয় বাসিন্দা রেললাইনে ফাটল দেখে কর্তৃপক্ষকে অবহিত করেন। আজ ভোরে রেলের একটি দল মেরামত কাজ শুরু করে এবং সকাল থেকে গতি কমিয়ে ট্রেন চলাচল করছিল। তবে নীলসাগর এক্সপ্রেস আসার সময় চালক মেরামত কর্মীদের দেওয়া লাল সংকেত বা সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে ওই স্থান অতিক্রম করার চেষ্টা করেন, যার ফলে ট্রেনটি লাইনচ্যুত হয়।


দুর্ঘটনায় ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রেলের চাকা ও পাটাতনগুলো দুমড়ে-মুচড়ে গেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রায় অর্ধশত যাত্রী গুরুতর আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। তবে স্থানীয়দের দাবি, আহত যাত্রীর সংখ্যা শতাধিক। ঈদে ঘরমুখো যাত্রীদের অনেকেই ট্রেনের ছাদে অবস্থান করায় দুর্ঘটনার সময় তারা ছিটকে পড়ে বেশি আঘাতপ্রাপ্ত হন। আহতদের নওগাঁ সদর হাসপাতাল ও পার্শ্ববর্তী বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এই দুর্ঘটনার ফলে বগুড়া, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়সহ উত্তরবঙ্গের আটটি জেলার সাথে রাজধানী ঢাকার রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রেললাইন ও স্লিপারগুলো এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, উদ্ধার কাজ শেষ করে যোগাযোগ স্বাভাবিক করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে রয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে লাইন পরিষ্কার করে যোগাযোগ চালুর চেষ্টা করা হচ্ছে। তবে ঈদ যাত্রার এই সময়ে এমন দুর্ঘটনায় লাখ লাখ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।

Post a Comment

0 Comments