ট্রাম্পের নীতি ও ইরান যুদ্ধের বিরুদ্ধে বিশ্বজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভ: উত্তাল যুক্তরাষ্ট্র ও ইউরোপ


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর তার প্রশাসনের নীতি এবং ইরান ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইল সামরিক অভিযানের প্রতিবাদে বিশ্বজুড়ে শুরু হয়েছে ‘নো কিংস’ (No Kings) বিক্ষোভ। শনিবার যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যসহ ইউরোপের প্রধান শহরগুলোতে এই কর্মসূচি পালিত হয়।
আয়োজকদের তথ্যমতে, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক দিনে আয়োজিত বৃহত্তম শান্তিপূর্ণ বিক্ষোভ হতে পারে।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ৩,২০০-এরও বেশি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস এবং ওয়াশিংটন ডিসির মতো বড় শহরগুলোর পাশাপাশি কর্মসূচির দুই-তৃতীয়াংশই পালিত হচ্ছে ছোট শহরগুলোতে। বিক্ষোভকারীরা লিংকন মেমোরিয়ালসহ গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হয়ে ট্রাম্পের প্রতিকৃতি ও প্রতীকী ভাস্কর্য বহন করেন এবং বিভিন্ন স্লোগান দেন। শত শত মানুষ রাস্তায় নেমে মিছিল করেন এবং সিটি হলের সামনে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভের অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সামরিক অভিযান। প্রায় চার সপ্তাহ ধরে চলা এই সংঘাতের বিরুদ্ধে সাধারণ মানুষ তাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। বিক্ষোভকারীদের মতে, ট্রাম্প প্রশাসনের এসব নীতি স্বৈরাচারী এবং সাধারণ মানুষের স্বার্থবিরোধী।
আন্দোলনটি কেবল যুক্তরাষ্ট্রের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি, বরং ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক পর্যায়েও। রোম, প্যারিস ও বার্লিনেও একই ধরনের কর্মসূচি পালিত হচ্ছে। স্পেনের মাদ্রিদে প্রায় ১০০ মার্কিন নাগরিক বিক্ষোভে অংশ নিয়ে 'আইস আউট' ও 'নো টাইরেন্টস' স্লোগান দিয়ে ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করেন।
আয়োজকরা এই বিক্ষোভকে একটি বিশাল জনমত তৈরির প্রচেষ্টা হিসেবে দেখছেন, যা বর্তমান প্রশাসনের যুদ্ধংদেহী নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা প্রদান করছে।

Post a Comment

0 Comments