বাংলাদেশের মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বরে অর্জিত স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। সম্প্রতি একটি আলোচনা অনুষ্ঠানে তিনি দাবি করেন, ১৬ ডিসেম্বর স্বাধীনতা নয়, কেবল একটি ভূখণ্ডের বহিঃপ্রকাশ ঘটেছিল। তিনি যুক্তি দেন যে প্রকৃত মুক্তি দিবস হওয়া উচিত ১৯৭২ সালের ১৩ মার্চ।
আলোচনায় ব্যারিস্টার শাহরিয়ার কবির প্রশ্ন তোলেন, "আসলে কি ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হইছে?"। তাঁর মতে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ ছিল "নামমাত্র মূল্যে পাকিস্তান সেনারা ভারতের কাছে সারেন্ডার", যার ফলে কেবল "একটা ভূখন্ড মানচিত্র কেবল একটা বহিঃপ্রকাশ" ঘটেছিল, প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি।
তিনি বলেন, "আমাদের মুক্তি দিবস হবে হচ্ছে ১৯৭২ সালের ১৩ই মার্চ"। তাঁর যুক্তি হলো, এই দিনেই বঙ্গবন্ধুর দাবির পরিপ্রেক্ষিতে দেশ থেকে ভারতীয় সৈন্যরা চলে যায়। তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত (১৯৭২ সালের ১৩ মার্চ পর্যন্ত) ভারতীয় সৈন্য এদেশের মাটিতে ছিল, ততদিন স্বাধীনতা আসেনি।
আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের অনুপস্থিতি নিয়েও তিনি প্রশ্ন তোলেন। 'ইন্সট্রুমেন্ট অফ সারেন্ডার' (আত্মসমর্পণ দলিলে) প্রসঙ্গে তিনি দাবি করেন, এতে কোনো "মিত্র বাহিনী" বা "জয়েন্ট ফোর্স"-এর উল্লেখ ছিল না। দলিলে 'ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশি ফোরসেস' উল্লেখ থাকলেও, তিনি বলেন, বাংলাদেশের কোনো প্রতিনিধির স্বাক্ষর ছিল না, যা একটি চুক্তি সম্পন্ন হওয়ার ক্ষেত্রে অপরিহার্য।
তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে ১৬ ডিসেম্বরকে "ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ" হিসেবে তুলে ধরার সমালোচনা করেন এবং এটিকে মুক্তিযোদ্ধাদের প্রতি "অবমাননা" বলে অভিহিত করেন।
স্বাধীনতার ঘোষক নিয়ে সংবিধানের সঙ্গে ঐতিহাসিক তথ্যের অমীমাংসিত দ্বন্দ্ব রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি দাবি করেন, যদিও সংবিধানে শেখ মুজিবুর রহমানকে ঘোষক বলা হয়েছে, কিন্তু তাজউদ্দীন আহমেদ এবং এ কে খন্দকার উভয়েই শেখ মুজিবুর রহমানের ঘোষণার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেই স্বাধীনতার ঘোষক বলে দাবি করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাম্প্রতিক একটি বক্তব্য, যেখানে তিনি '৭১-এ একটি দলের কর্মকাণ্ডের' কথা উল্লেখ করেন, সে প্রসঙ্গে ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন, অসুস্থ মায়ের কারণে রাজনৈতিক চাপের মধ্যে থাকায় তার বক্তব্যকে অতি গুরুত্ব দিয়ে দেখার কিছু নেই। তিনি তারেক রহমানের বক্তব্যকে '৭১-এর ইস্যু এত বছর পরেও কেন মীমাংসিত হলো না' - এই প্রশ্নটি সামনে আনার প্রচেষ্টা হিসেবে ব্যাখ্যা করেন।
0 Comments