কুমিল্লার তিতাসে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নির্মমভাবে খুন হয়েছেন। নলকূপের পানি ব্যবহার ও নলকূপ নষ্ট করাকে কেন্দ্র করে সৃষ্ট বাগবিতণ্ডার একপর্যায়ে কোদাল দিয়ে কুপিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সন্তানদের সূত্রে জানা যায়, অভিযুক্ত ছোট ভাই নিজ বাড়ির নলকূপ (কল) থেকে পানি নিয়ে তার নির্মাণাধীন ভবনের কাজ করছিলেন। সকালের দিকে পানি নেওয়ার সময় নলকূপটি নষ্ট হয়ে গেলে বড় ভাই (ভুক্তভোগী) তাকে বলেন, "তুই সকালে কলটা নষ্ট করে ফেলেছিস, এখন আর পানি নিস না। নিজের কল দিয়ে তারপর কাজ কর"।
এই কথা বলা মাত্রই ছোট ভাই ক্ষিপ্ত হয়ে বড় ভাইকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে বড় ভাইকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে হাতে থাকা কোদাল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি অন্তত তিনটি কোপ দেন। কোদালের আঘাতে ঘটনাস্থলেই রক্তাত্ব অবস্থায় বড় ভাইয়ের মৃত্যু হয়।
নিহতের এক সন্তান জানান, তিনি যখন স্কুলে ক্লাস করছিলেন, তখন খবর পান তার মা অসুস্থ। পরে বাড়ি ফেরার পথে জানতে পারেন তার বাবাকে হত্যা করা হয়েছে। বাড়িতে এসে তিনি পুরো উঠান রক্তে ভেজা দেখতে পান।
কান্নাজড়িত কণ্ঠে নিহতের সন্তানেরা বলেন, "আমরা গরিব মানুষ, আমাদের এত টাকা-পয়সা নেই। আমরা সরকারের কাছে আমাদের বাবা হত্যার ন্যায্য বিচার চাই, যেন আমাদের মতো আর কোনো সন্তানকে এভাবে বাবা হারাতে না হয়"।
হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ এই ঘটনার তদন্ত ও অভিযুক্তকে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করেছে।
0 Comments