আওয়ামী লীগ প্রমাণে ৮৭ বছরের এক বয়োবৃদ্ধ নারীর বাসায় এনসিপি নেতাদের হামলা


মিরপুরে এক বয়োবৃদ্ধ নারী ইন্টারনেট ব্যবসায়ীর বাসায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের হামলা, পুলিশের হ্যান্ডকাফ দেখিয়ে হুমকি এবং এর পরবর্তী আইনি জটিলতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

গত শনিবার রাতে মিরপুর ২ নম্বর এলাকার পানির ট্যাঙ্কির পেছনে এক বহুতল ভবনে ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ী হোসনে আরা সাদিকের বাসায় চড়াও হন এনসিপি কর্মীরা। তাদের দাবি, ৮৭ বছর বয়সী এই নারী আওয়ামী লীগের অঙ্গসংগঠন 'মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের' নেত্রী। প্রমাণ হিসেবে তারা তার কিছু ডিজিটাল ব্যানার ও পোস্টার দেখান।

এনসিপি কর্মীরা যেসব পোস্টার ও ব্যানারের ছবি দেখাচ্ছেন, সেগুলো মূলত ডিজিটাল প্রযুক্তির সাহায্যে তৈরি করা ভুয়া ছবি। পোস্টারগুলো দেয়াল বা খুঁটির সাথে স্বাভাবিকভাবে লাগানো ছিল না, যা থেকে স্পষ্ট হয় যে এগুলো পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে।

ভুক্তভোগী নারী জানান, এনসিপি নেত্রী শিফা আক্তারসহ কয়েকজন বাসায় ঢুকে তাকে হ্যান্ডকাফ দেখিয়ে গ্রেফতারের ভয় দেখান এবং জোরপূর্বক গেট খোলানোর চেষ্টা করেন। হোসনে আরা সাদিকের মতে, এটি মূলত তার ব্যবসা দখল এবং বাড়ি লুট করার একটি অপচেষ্টা।

৮৭ বছর বয়সী এই নারী গত আট বছর ধরে ক্যান্সারে আক্রান্ত। তিনি ২০০৪ সালে স্বামীর মৃত্যুর পর থেকে তার প্রতিষ্ঠিত ইন্টারনেট ব্যবসা পরিচালনা করছেন। তিনি দাবি করেন, ৫ই আগস্টের ছাত্র আন্দোলনেও তিনি খাবার নিয়ে ছাত্রদের সহযোগিতা করেছিলেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, এনসিপি কর্মীরা ঘটনাস্থলে সজল নামে এক যুবককে মারধর করে।অন্যদিকে, এনসিপি নেতাদের দাবি, তারা পুলিশ নিয়ে ওই 'আওয়ামী নেত্রীকে' গ্রেফতার করতে গেলে স্থানীয় বিএনপি কর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে। তবে ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, হামলায় জড়িত মাস্ক পরিহিত যুবকরা মূলত এনসিপি নেতাদের সাথেই ঘটনাস্থলে এসেছিলেন।

ঘটনার পর এনএসআই, ডিবি, র‍্যাব এবং সেনা কর্মকর্তারা ওই নারীর বাসায় গিয়ে তল্লাশি চালিয়েছেন এবং তার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পাননি। পুলিশ জানিয়েছে, দুই পক্ষই মারধরের অভিযোগ করেছে এবং ঘটনার তদন্ত চলছে।

এনসিপি নেতা আরিফুল আদিব দাবি করেছেন যে তারা পুলিশকে জানিয়েই সেখানে গিয়েছিলেন, তবে পুলিশ দেরিতে পৌঁছানোয় ঝামেলা সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী হোসনে আরা সাদিক ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। প্রশাসনের পক্ষ থেকে তাকে পর্যাপ্ত নিরাপত্তা ও আইনি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments