তেল না পেয়ে ক্ষোভ: নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় ‘হত্যা’


নড়াইল সদরে জ্বালানি তেল না পেয়ে পেট্রোল পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক চালকের বিরুদ্ধে। গত শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সদরের 'তানভীর ফিলিং স্টেশনে' এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ম্যানেজারের নাম নাহিদ, যিনি পাম্প মালিক রবিউল ইসলামের আপন ভাতিজা। প্রত্যক্ষদর্শী ও পাম্প কর্তৃপক্ষ জানায়, রাত ১২টার দিকে স্থানীয় পেরলী এলাকার এক ট্রাকচালক পাম্পে তেল নিতে আসেন। সে সময় তেলের তীব্র সংকট চলায় ম্যানেজার নাহিদ সিরিয়াল অনুযায়ী তেল দেওয়ার কথা বলেন। এক পর্যায়ে পাম্পের মজুদ শেষ হয়ে গেলে ওই চালক ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং উপস্থিত সবার সামনে ম্যানেজারকে দেখে নেওয়ার ও মেরে ফেলার হুমকি দেন।

রাত প্রায় ২টা ১০ মিনিটের দিকে ম্যানেজার নাহিদ এবং তার সহকর্মী জিহাদুল পাম্প থেকে বের হচ্ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই ঘাতক ট্রাকচালক ট্রাক নিয়ে তাদের পিছু নেন এবং কিছুটা দূরে গিয়ে তাদের ওপর গাড়ি তুলে দেন। বিকট শব্দ শুনে পাম্পের অন্য কর্মচারীরা ছুটে এসে দেখেন নাহিদ ও জিহাদুল রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন।

স্থানীয়রা উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। সহকর্মী জিহাদুলের দুটি পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পরপরই ঘাতক চালক ট্রাক নিয়ে পালিয়ে যান। পুলিশ এখন পর্যন্ত ট্রাক বা চালক কাউকেই আটক করতে পারেনি।

পাম্প মালিকদের দাবি, ডিপো থেকে চাহিদার তুলনায় অনেক কম তেল পাওয়ায় নড়াইলের ফিলিং স্টেশনগুলোতে নিয়মিত বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটছে। এই হত্যাকাণ্ডের পর নড়াইলের পাম্প ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

Post a Comment

0 Comments