ইরানে যেকোনো সময় মার্কিন হামলার শঙ্কা: খামেনির নিরাপদ আশ্রয়ের গুঞ্জন ও ট্রাম্পের ‘টুপি’ বিতর্ক
January 07, 2026
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্সের মাধ্যমে অপহরণের পর এবার বিশ্ববাসীর নজর ইরানের দিকে। মার্কিন প্রশাসনের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবিকে কেন্দ্র করে ইরানে যেকোনো সময় বড় ধরনের সামরিক হামলার আশঙ্কা তৈরি হয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের একটি ছবি ছড়িয়ে পড়েছে যেখানে তাকে “Make Iran Great Again” লেখা এবং তার স্বাক্ষর করা একটি টুপি হাতে দেখা যাচ্ছে।
টুপিতে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগের ইরানের পতাকার ছবি রয়েছে, যা সরাসরি বর্তমান সরকার পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।
ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র সিনেটর লিন্ডসে গ্রাহাম এই ছবিটি পোস্ট করে জানান, ২০২৬ সাল হতে পারে ইরানকে ‘আবারও মহান’ করার বছর। তিনি দাবি করেন, ট্রাম্প ইরানের জনগণের পক্ষে অবস্থান নিয়েছেন।
মার্কিন হুমকির মুখে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অনড় অবস্থানে রয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (X) লিখেছেন, "আমরা শত্রুর কাছে মাথা নত করবো না; বরং শত্রুকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করবো"।
তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস-এর বরাতে প্রতিবেদনে জানানো হয় যে, অভ্যন্তরীণ বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একটি বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রাখা হয়েছে, পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনের দাবি অনুযায়ী, পরিস্থিতি চরম আকার ধারণ করলে আয়াতুল্লাহ আলী খামেনি রাশিয়ায় আশ্রয় নিতে পারেন।
গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তার সেফ হোম থেকে তুলে নিয়ে যাওয়ার পর ওয়াশিংটনের আত্মবিশ্বাস বেড়েছে। হোয়াইট হাউসের উগ্রপন্থী নীতিনির্ধারকরা এখন তেহরানেও একই ধরনের ‘সরকার পরিবর্তন’ বা ‘রেজিম চেঞ্জ’ অপারেশনের সম্ভাবনা দেখছেন, যা এই অঞ্চলে নতুন করে যুদ্ধের শঙ্কা বাড়িয়ে দিয়েছে।
0 Comments