মৃ*ত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওবায়দুল কাদের: হাসপাতাল থেকে ফিরিয়ে নিল পরিবার, অবস্থা সংকটাপন্ন


জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন। হৃদ্রোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে তিনি বর্তমানে কলকাতার রাজারহাটে একটি গোপন বাড়িতে অবস্থান করছেন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানা গেছে।

গত ২ জানুয়ারি ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। অনেকটা সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বেসরকারি হাসপাতাল অ্যাপোলোতে ভর্তি করা হয়। এক পর্যায়ে তিনি চিকিৎসায় কোনো সাড়া দিচ্ছিলেন না এবং তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ অকেজো হয়ে পড়ার কারণে তার শারীরিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়

সোমবার (৫ জানুয়ারি) হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানানো হয়, ওবায়দুল কাদের নতুন করে কোনো চিকিৎসা নেওয়ার মতো অবস্থায় নেই। এমন পরিস্থিতিতে পরিবারের সিদ্ধান্তে দুপুরে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে গোপনে পুনরায় রাজারহাটের বাসায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে বাসাতেই তাকে এক প্রকার 'প্যালিয়েটিভ কেয়ার' বা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এক সময় জনসভায় "পালাবো না" বলে হুঙ্কার দিলেও, ৫ আগস্টের পটপরিবর্তনের পর দলের অন্য নেতাদের বিপদে ফেলে ওবায়দুল কাদের সীমান্ত পাড়ি দিয়ে কলকাতায় আত্মগোপন করেন। দলের একাধিক নেতা জানিয়েছেন, তার এই গুরুতর অসুস্থতার খবর দলীয় সভানেত্রী শেখ হাসিনাকেও জানানো হয়েছে। তবে দলের একাংশ দাবি করছে, গণমাধ্যমে তার অসুস্থতার খবর কিছুটা বাড়িয়ে প্রচার করা হচ্ছে

এর আগে জানা গিয়েছিল, ২০২৪ সালের আগস্ট থেকে প্রায় তিন মাস দেশের ভেতরেই বিভিন্ন স্থানে বাসা বদল করে আত্মগোপনে ছিলেন তিনি। শেষ পর্যন্ত নভেম্বর মাসে তিনি সীমান্ত অতিক্রম করে কলকাতার রাজারহাট নিউটাউন এলাকায় স্থায়ীভাবে থাকতে শুরু করেন

ওবায়দুল কাদেরের বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও জল্পনা তৈরি হয়েছে।

Post a Comment

0 Comments