দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও ও ভেতরে প্রবেশের চেষ্টা: চরম উত্তেজনা


ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবারো হামলার চেষ্টা চালিয়েছে একদল উগ্র হিন্দু চরমপন্থী। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে কয়েক হাজার মানুষ হাইকমিশন ঘেরাও করে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়, যা দুই দেশের বিদ্যমান কূটনৈতিক টানাপোড়েনকে আরও উসকে দিয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দলের ডাকে কয়েক হাজার সদস্য এদিন বাংলাদেশ মিশন প্রাঙ্গণে জড়ো হয়। বিক্ষোভকারীদের হাতে লাঠি ও গেরুয়া পতাকা দেখা যায়। এক পর্যায়ে তারা হাইকমিশনের দিকে জুতা ছুড়ে মারে এবং 'জয় শ্রীরাম' স্লোগান দিতে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তিন স্তরের নিরাপত্তা ব্যারিকেড দিলেও বিক্ষোভকারীরা তা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চালায়। পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠলে সেখানে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়।

বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছে। এই অভিযোগ তুলে তারা বিষয়টির প্রতিকার ও ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশী মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দায়বদ্ধতা ভারতের থাকলেও, মঙ্গলবারের এই ঘটনা সেই প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। এর আগে সোমবারও কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

উদ্ভূত নিরাপত্তা সংকটের কারণে দিল্লির বাংলাদেশ হাইকমিশন তাদের কনস্যুলার ও ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এছাড়া আগরতলা ও শিলিগুড়িতেও বাংলাদেশ ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

Post a Comment

0 Comments