রংপুরে বছরে ৬৫ খুন: জনমনে আতঙ্ক, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে নাগরিক উদ্বেগ


রংপুর জেলায় গত এক বছরে আইন-শৃঙ্খলার চরম অবনতি লক্ষ্য করা গেছে। এক প্রতিবেদন অনুযায়ী, জেলায় গত এক বছরে ৬৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা সাধারণ মানুষের মধ্যে তীব্র ভীতি ও উদ্বেগের সৃষ্টি করেছে।

গত এক বছরে জেলায় শুধু হত্যাকাণ্ডই নয়, অপরাধের তালিকায় রয়েছে ৩৭টি ধর্ষণ, ১০টি অপহরণ, ৫৫টি চুরি এবং ১০৪টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা।

গত ৬ ডিসেম্বর তারাগঞ্জে মাত্র কিছু টাকার জন্য এক দম্পতিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে এক যুবক।

১০ আগস্ট বুড়িরহাটে চুরির সন্দেহে গণপিটুনিতে রূপলাল ও প্রদীপ দাস নামে দুই ব্যক্তি প্রাণ হারান।নৃশংস সব হত্যাকাণ্ডের কারণে মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। নির্জন এলাকায় বসবাসকারী বাসিন্দারা যেকোনো সময় আক্রান্ত হওয়ার ভয়ে থাকছেন।

স্থানীয়দের অভিযোগ, অনেক ক্ষেত্রে মামলার তদন্ত বা ফরেনসিক রিপোর্ট হওয়ার পরও আশানুরূপ ফলাফল মিলছে না। এছাড়া গত কয়েক মাস ধরে প্রশাসনের টহল এবং তৎপরতা কমে গেছে বলেও বাসিন্দারা দাবি করেছেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি রোধে সংশ্লিষ্ট বাহিনীকে আরও কঠোর অবস্থানে আসার এবং নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

পরিস্থিতির অবনতির অভিযোগ থাকলেও জেলা পুলিশ বলছে, তারা আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত কাজ করছেন। কোনো অপরাধীই আইনের ফাঁক গলে পার পাবে না বলে তারা জনগণকে আশ্বস্ত করেছেন।

রংপুরবাসীর দীর্ঘদিনের দাবি, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দিন ও রাতে পুলিশের পর্যাপ্ত টহল বাড়ানোর পাশাপাশি বিট পুলিশিং কার্যক্রমকে আবারও পূর্ণ মাত্রায় চালু করা হোক।

Post a Comment

0 Comments