ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব


ভারতে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে তাকে তলব করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করা হয়।

সকাল ৯টা ৫৫ মিনিটে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হন। মাত্র ১০ দিনের ব্যবধানে এটি তাকে দ্বিতীয়বার তলব করার ঘটনা।

গত ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রবাদীদের হামলার চেষ্টা এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ মিশনে ভাঙচুরের ঘটনা ঘটে। পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাগুলোকে 'পূর্বপরিকল্পিত সহিংসতা' ও 'ভীতি প্রদর্শন' হিসেবে উল্লেখ করেছে।

বাংলাদেশ সরকার এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছে। একই সাথে নয়াদিল্লি ও শিলিগুড়িসহ অন্যান্য মিশনগুলোতে নিরাপত্তা জোরদার করার এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা শুধু কূটনীতিকদের নিরাপত্তাই বিঘ্নিত করে না, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, শান্তি ও সহনশীলতাকেও নষ্ট করে। আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী মিশনগুলোর মর্যাদা রক্ষায় ভারত সরকারকে দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

নিরাপত্তার অভাবে ইতিমধ্যেই নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অনির্দিষ্টকালের জন্য ভিসা প্রদান বন্ধ ঘোষণা করেছে। অন্যদিকে, শিলিগুড়িতে হামলার পর মিশনের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য করা হয়েছে, যার ফলে কূটনীতিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বৈঠককালে ভারতীয় ডেপুটি হাইকমিশনার প্রণব বান্ধেও উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments