সরকারি কর্মকর্তাদের লোভনীয় স্থানে বদলি এবং পদোন্নতির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নারী কর্মকর্তাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রাজধানীর পশ্চিম রামপুরার একটি বাসায় অভিযান চালিয়ে প্রথমে আমিনুর রহমান শান্ত নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিলুফা সুলতানা নামের ওই নারী কর্মকর্তাকে গ্রেপ্তার করে গোয়েন্দারা।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নিলুফা সুলতানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা শাখা-২ এর একজন ব্যক্তিগত কর্মকর্তা। এই চক্রটি দীর্ঘদিন ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ভুয়া পরিচয় ব্যবহার করে এই ধরনের প্রতারণা চালিয়ে আসছিল। গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোন জব্দ করে ডিজিটাল চ্যাট পরীক্ষা করে একাধিক ব্যক্তির সাথে বদলি সংক্রান্ত ও আর্থিক লেনদেনের দরকষাকষির সুনির্দিষ্ট প্রমাণ ও মেসেজ পেয়েছে পুলিশ, যা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত উভয়েই স্বীকার করেছেন।
গোয়েন্দা প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, জব্দকৃত মোবাইল ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যার মাধ্যমে জানা যাবে এই চক্রটি এ পর্যন্ত কতজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। এছাড়া এই চক্রের সাথে সরকারি দপ্তরের বা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন আর কোনো কর্মকর্তা জড়িত আছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলা হলে তারা জানিয়েছেন, সুষ্ঠু তদন্তে যার নামই আসুক না কেন, জড়িত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0 Comments