নাটোরের সিংড়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে এক সন্দেহভাজন চোরকে আটক করার পরিবর্তে, তার কাছ থেকে চুরি হওয়া ফ্রিজ কিনে নিজের ঘরে রাখার অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
নাটোরের সিংড়া পৌর এলাকার চাঁদপুর মহল্লার বাসিন্দা জামালউদ্দিনের মাদকাসক্ত ছোট ছেলে মাসুম আলী প্রায় দেড় মাস আগে তার বড় ভাই মুনসের আলীর বাসা থেকে একটি ফ্রিজসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, মাসুম যখন মালামাল চুরি করে নিয়ে যাচ্ছিল, তখন এসআই নজরুল ইসলাম তাকে দেখে ফেলেন। ধাওয়া খেয়ে মাসুম মালামাল রেখে পালিয়ে গেলে এসআই নজরুল ইসলাম পথচারীদের সহযোগিতায় ফ্রিজ ও অন্যান্য মালামাল তার নিজের ভাড়াবাসায় নিয়ে যান।
পরবর্তীতে অভিযুক্ত মাসুম সকালে এসআই নজরুলের বাসায় গিয়ে চুরির ঘটনা স্বীকার করলে, এসআই নজরুল ইসলাম ৩০০ টাকার স্ট্যাম্পের মাধ্যমে মাত্র ১১,৫০০ টাকায় ওই ফ্রিজটি কিনে নেন। চুরির ঘটনা জানাজানি হওয়ার পর ভুক্তভোগী পরিবার মালামাল ফেরত পেতে থানায় যোগাযোগ করে। মুনসের আলীর মা মর্জিনা বেগম জানান, পুলিশ কর্মকর্তা ফ্রিজটি নিলেও পরবর্তীতে লোকজন ধরে টাকা দেওয়ার মাধ্যমে ফ্রিজটি ফেরত নিতে হয়েছে।
এই বিষয়ে অভিযুক্ত এসআই নজরুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। নাটোর জেলা পুলিশ সুপার জানান, বিষয়টি জানতে পেরে তিনি ইতিমধ্যে সিংড়া সার্কেলকে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং তদন্ত প্রতিবেদন জমা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 Comments