মার্কিন প্রযুক্তি জায়ান্টে হামলার হুঁশিয়ারি ইরানের: মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধের দ্বিতীয় মাসে এসে এক নজিরবিহীন হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এবার তারা কোনো সামরিক স্থাপনা নয়, বরং বিশ্বখ্যাত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালাবে।

ইরান মধ্যপ্রাচ্যে কার্যক্রম পরিচালনাকারী যুক্তরাষ্ট্রের ১৮টি বড় প্রযুক্তি ও আর্থিক প্রতিষ্ঠানকে তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে ঘোষণা করেছে। এই তালিকায় রয়েছে গুগল, মেটা (ফেসবুক), অ্যাপল, মাইক্রোসফট, ইনটেল, আইবিএম, টেসলা এবং বোয়িং-এর মতো বিশ্ববিখ্যাত সব নাম। এছাড়া এনভিডিয়া, ওরাকল এবং জেপি মরগানের মতো জায়ান্ট প্রতিষ্ঠানগুলোও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

আইআরজিসি-র দাবি, এই মার্কিন কোম্পানিগুলো বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের প্রতিষ্ঠানগুলো ইরানের ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তু নির্ধারণ ও নজরদারির কাজে সরাসরি সহায়তা করছে। এর আগে একাধিকবার সতর্ক করা হলেও কোম্পানিগুলো তা উপেক্ষা করেছে বলে অভিযোগ তেহরানের। ১ এপ্রিল থেকে যেকোনো সময় এই প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা চালানো হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এই হুমকির পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে কর্মরত কর্মী এবং আশপাশের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে আইআরজিসি। মূলত যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের অভিযানে ইরানের শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সাধারণত সামরিক বা কূটনৈতিক স্থাপনা হামলার লক্ষ্যবস্তু হলেও, এবারই প্রথম সরাসরি বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে সামরিক হামলার আওতায় আনার কথা বলা হলো। ইরানের এই নজিরবিহীন ঘোষণায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে তীব্র আতঙ্ক ও নিরাপত্তা উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

Post a Comment

0 Comments