মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবার এক নতুন মাত্রা লাভ করেছে। গত বুধবার ইরানের পক্ষ থেকে মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ হামলার দাবি করা হয়। আজ সেই হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তেহরান। ভিডিওটিতে রণতরীটির ওপর দিয়ে ধোঁয়ার কুণ্ডলী এবং আগুনের শিখা দেখা যাচ্ছে, যা অঞ্চলজুড়ে যুদ্ধের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির জবাব হিসেবে তারা এই হামলা চালিয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, মার্কিন রণতরীটি মাঝসমুদ্রে আক্রান্ত হয়েছে এবং জাহাজটির উপরের অংশ থেকে ব্যাপক ধোঁয়া বের হচ্ছে। আকাশ থেকে ধারণ করা এই ফুটেজে রণতরীটিকে দৃশ্যত ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, রণতরীটির ওপর হামলার ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তবে জাহাজটি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে বা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। মার্কিন সামরিক মুখপাত্র এফিয়ে ডেফ্রিন জানান, ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকি কমাতে তারা ক্রমাগত কাজ করে যাচ্ছেন।
এই হামলার ঘটনার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। পারস্য উপসাগরের ওপর দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়, যা এখন ইরানি বাহিনীর সরাসরি হুমকির মুখে পড়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) জানিয়েছে, এই অঞ্চলের সমুদ্রপথ এখন তাদের নিয়ন্ত্রণে এবং মার্কিন আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে তারা প্রস্তুত।
ইরান ও মার্কিন বাহিনীর এই সরাসরি সংঘাত মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে মার্কিন রণতরীতে হামলার এই ফুটেজ প্রকাশের পর দুই দেশের মধ্যকার কূটনৈতিক সমাধানের পথ আরও সংকুচিত হয়ে পড়েছে।
0 Comments