ঢাকায় চীনা নাগরিকদের নকল আইফোন কারখানা: ডিবি অভিযানে বিপুল পরিমাণ ফোন ও সরঞ্জাম জব্দ


রাজধানী ঢাকায় সরাসরি চীনা নাগরিকদের তত্ত্বাবধায়নে পরিচালিত একটি অবৈধ আইফোন সংযোজন কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা যন্ত্রাংশ জোড়া দিয়ে এখানে তৈরি করা হতো নকল আইফোন, যা আসল হিসেবে ছড়িয়ে দেওয়া হতো সারাদেশে।


গত ৭ জানুয়ারি বুধবার ডিবির মিরপুর বিভাগ রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টর এবং নিকুঞ্জ-১ এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে। প্রায় দেড় বছর ধরে সক্রিয় থাকা এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে দুইজন চীনা নাগরিক।

অভিযানে বিপুল পরিমাণ সরঞ্জাম ও ফোন উদ্ধার করেছে পুলিশ, বিভিন্ন মডেলের মোট ৩৬৩টি নকল আইফোন। আইফোনের বিপুল পরিমাণ খুচরা যন্ত্রাংশ (ডিসপ্লে, ব্যাটারি, মাদারবোর্ড ইত্যাদি)  মোবাইল ফোন সংযোজনের আধুনিক বিভিন্ন মেশিনারিজ।

ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মোহাম্মদ সোহেল এক সংবাদ সম্মেলনে জানান, চক্রটি প্রথমে ঢাকায় একটি গোপন ল্যাব বা কারখানা স্থাপন করে। এরপর বিদেশ থেকে আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ অবৈধভাবে দেশে নিয়ে আসে। ওই ল্যাবে সুকৌশলে যন্ত্রাংশগুলো সংযোজন করে হুবহু আইফোনের মতো ভুয়া ফোন তৈরি করত। সাধারণ ক্রেতারা যেন বুঝতে না পারে সেজন্য এগুলোকে 'অরিজিনাল আইফোন' হিসেবে স্থানীয় বাজারে উচ্চমূল্যে বিক্রি করা হতো।

গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, দীর্ঘদিন ধরে এই কাজ চলায় বাজারে ইতিমধ্যে বিপুল সংখ্যক ভুয়া আইফোন ছড়িয়ে পড়েছে। এই চক্রের সঙ্গে কোনো প্রভাবশালী বাংলাদেশি জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ডিবি পুলিশ সাধারণ জনগণকে সতর্ক করে বলেছে:

১. কম দামে আসল আইফোন পাওয়ার প্রলোভনে পা দেবেন না।

২. অনুমোদিত অফিশিয়াল শোরুম বা বিশ্বস্ত উৎস ছাড়া আইফোন কেনা থেকে বিরত থাকুন।

এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি।

Post a Comment

0 Comments