বনভবনের সভায় মঞ্চে উঠে সমন্বয়ক ইব্রাহিম নীরবের অশ্লীল গালাগালি: অতঃপর ঘাড়ধাক্কা


রাজধানীর আগারগাঁওয়ের বনভবন মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত একটি সভায় তীব্র উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম নীরব মঞ্চে উঠে বক্তব্য দিতে গেলে মাইক বন্ধ করে দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে তিনি অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করলে আয়োজকরা তাকে মঞ্চ থেকে নামিয়ে দেন এবং পরে ধাক্কা মেরে মিলনায়তন থেকে বের করে দেন।

জানা যায়, অনুষ্ঠানের প্রধান অতিথি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান চলে যাওয়ার পর ইব্রাহিম নীরব হঠাৎ করেই মঞ্চে উঠে ডায়াসে গিয়ে বক্তৃতা শুরু করেন। তার বক্তব্য শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই আয়োজকরা মাইকটি বন্ধ করে দেন। এতে উত্তেজিত হয়ে নীরব অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন।

নীরবের এই আচরণে মিলনায়তনজুড়ে সমালোচনা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে আয়োজকরা তাকে টেনে মঞ্চ থেকে নামিয়ে দেন। নিচে নামার পরও তিনি চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। এর কিছুক্ষণ পর কয়েকজন ব্যক্তি তাকে ধাক্কা মেরে মিলনায়তন থেকে বের করে দেন।

মিলনায়তনের বাইরে এসে ইব্রাহিম নীরব ঘটনার কারণ ব্যাখ্যা করেন। তিনি দাবি করেন, তিনি বন অধিদপ্তর এবং গণ্য মন্ত্রণালয়ে এখনো অবৈধ দখলদার এবং আওয়ামী লীগের চিহ্নিত নেতারা বসে আছেন—এই বিষয়ে তিনটি দাবি উত্থাপন করতে চেয়েছিলেন। তিনি বলেন, বারবার ডকুমেন্টসহ প্রমাণ দেওয়ার পরও তাদের কেন অপসারণ করা হচ্ছে না, সে প্রশ্নই তিনি তুলতে চেয়েছিলেন।

নীরব অভিযোগ করেন, এই তিনটি দাবি বলার জন্য তিনি মাত্র দুই মিনিট সময় চেয়েছিলেন। কিন্তু তাকে প্রায় ১৫ মিনিট দাঁড়া করিয়ে রাখা হয় এবং শেষ পর্যন্ত কথা বলার সুযোগ দেওয়া হয়নি। তিনি গ্রীন বিক্রপুর ফাউন্ডেশনের আহবায়ক হিসেবে নিজেকে পরিচয় দেন।

Post a Comment

0 Comments