৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, জারি হলো সুনামি সতর্কতা


উত্তর-পূর্ব জাপানের বিস্তীর্ণ অঞ্চলে এক জোরালো ভূমিকম্প আঘাত হেনেছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬। মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এই ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের পরপরই উপকূলীয় অঞ্চলে তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ)। সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে যে উপকূলে সর্বোচ্চ ১০ ফুট পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে। হোক্কায়িদো, আওমরি ও ইওয়াতে প্রিফেকচারসহ অন্যান্য উপকূলীয় এলাকার জনগণকে দ্রুত নিরাপদ উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ৭.২ জানানো হলেও, জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) তা সংশোধন করে ৭.৬ নির্ধারণ করেছে। জেএমএ জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল প্রিফেকচারের উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল ৫০ কিলোমিটার।

ভূমিকম্পের তীব্রতায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বেশ কিছু রাস্তায় ফাটল ধরেছে বলে খবর পাওয়া গেছে। ঘরবাড়ি ও আসবাবপত্র কেঁপে ওঠার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আতঙ্কে অনেক মানুষ নিজেদের ঘর ছেড়ে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, জাপান বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ দেশগুলোর মধ্যে একটি। দেশটি প্রশান্ত মহাসাগরীয় অববাহিকার আগ্নেয়গিরি ও সামুদ্রিক 'রিং অফ ফায়ার' অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলে বিশ্বের ৬ বা তার বেশি মাত্রার ভূমিকম্পের প্রায় ২০ শতাংশই ঘটে থাকে।

Post a Comment

0 Comments