বাংলাদেশের চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নে অনুষ্ঠিত একটি কোরআন তেলাওয়াত সম্মেলন থেকে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান ভেসে আসার ঘটনায় দেশজুড়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। ৩০ নভেম্বর সাউতুল কোরআন ইনস্টিটিউট-এর আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক শুরু হয়।
ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটিতে দেখা যায়, মঞ্চ থেকে "পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ" স্লোগান দেওয়া হচ্ছে, এবং উপস্থিত জনতা সমস্বরে তাতে সাড়া দিচ্ছে। সম্মেলনে ইরান, মিশর, এবং পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে অতিথিরা এসেছিলেন। অভিযোগ উঠেছে যে, পাকিস্তানি অতিথি মঞ্চে ওঠার সময় অনুষ্ঠানের সঞ্চালক অতি উৎসাহী হয়ে এই স্লোগান দেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বাংলাদেশের মাটিতে এমন স্লোগানকে মেনে নিতে পারেননি স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ।
সন্দ্বীপ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ সোলায়মান বাদশা এ বিষয়ে বলেন, "পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ার কোনো সুযোগ নেই... যারা এরা পাকিস্তানের পক্ষে এসে জিন্দাবাদ স্লোগান দেবে, এরা আসল রাজাকার। এখনো রাজাকার তো রয়েই গেছে দেশে, প্রত্যেকের বিচার হয়নি। এরা পাকিস্তান জিন্দাবাদ বলার কোনো সুযোগ নাই।"
অন্যদিকে, সম্মেলনে উপস্থিত থাকা অনেকের দাবি, শুধু পাকিস্তানের অতিথির জন্যই নয়, মিশর বা ইরানের অতিথিদের ক্ষেত্রেও তাদের দেশের নাম ধরে একই রকম উৎসাহসূচক স্লোগান দেওয়া হয়েছিল।
এ বিষয়ে জানতে চাওয়া হলে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল আলম চৌধুরী জানান যে, তিনি এই ঘটনা সম্পর্কে কোনো কিছু জানেন না এবং এ বিষয়ে তাকে কেউ অবহিতও করেনি।
0 Comments