খুলনায় এনসিপি নেতার ওপর গুলি: ঘটনাস্থলে মাদক ও মদের বোতল উদ্ধার


খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’-র কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে এই ঘটনা ঘটে।

মোতালেব শিকদার ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হওয়ার পর তার গাড়ির পথরোধ করে আকস্মিক হামলা চালানো হয়। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার কানের পাশ দিয়ে মাথার একপাশে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে সিটি ডায়াগনস্টিক সেন্টারে সিটি স্ক্যানের জন্য নেওয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত নন এবং রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে ইমার্জেন্সি ইউনিটে রাখা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর জানায়, যে ঘরটিতে ঘটনাটি ঘটেছে সেখানে ব্যাপক রক্তের দাগ ছাড়াও বিপুল পরিমাণ মাদক ও সরঞ্জাম পাওয়া গেছে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে বিদেশী মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং একটি গুলির খোসা। পুলিশের প্রাথমিক ধারণা, অভ্যন্তরীণ কোনো কোন্দলের জেরে এই গুলির ঘটনা ঘটেছে।

মোতালেব শিকদার এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় আহ্বায়ক। খুলনায় আসন্ন একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ আয়োজনের প্রস্তুতিতে তিনি কাজ করছিলেন।

মোতালেব শিকদারের মা দাবি করেছেন, তার ছেলের কোনো শত্রু নেই এবং তিনি সম্প্রতি এই রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছেন।

এনসিপি নেতৃবৃন্দ এই হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।

Post a Comment

0 Comments