ঠাকুরগাঁওয়ে চিনি দিয়ে নকল খেজুরের রস ও গুড় তৈরির মহোৎসব


ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে খেজুরের রসের নামে ক্রেতাদের সাথে ভয়াবহ প্রতারণার চিত্র উঠে এসেছে। প্রাকৃতিক উপায়ে রস সংগ্রহের পরিবর্তে চিনি গলিয়ে কৃত্রিম রস তৈরি করে তা আসল বলে চালিয়ে দেওয়া হচ্ছে।

প্রতিদিন রাত ৯টা থেকে ১০টার মধ্যে বাগানে চিনির বস্তা আনা হয়। প্রতি রাতে প্রায় ২ থেকে ৩ বস্তা চিনি গলিয়ে তরল মিশ্রণ তৈরি করা হয়। রাত ১২টা বা ১টার দিকে এই চিনির মিশ্রণটি খেজুরের গাছে ঝুলানো হাঁড়িতে ঢেলে দেওয়া হয়। এতে সকালে যখন দর্শনার্থীরা রস খেতে আসেন, তখন তারা এটাকে প্রাকৃতিক রস মনে করে কিনে নেন।

এই চিনির মিশ্রণের সাথে সামান্য কিছু প্রাকৃতিক রস মিশিয়ে গুড় তৈরি করা হয়। ক্রেতারা মনে করেন তারা খাঁটি গুড় পাচ্ছেন, কিন্তু বাস্তবে তারা চিনির তৈরি পণ্যই কিনছেন।

দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা এই দৃশ্য দেখে হতবাক হয়েছেন। একজন দর্শনার্থী জানান, তারা কখনো কল্পনাও করেননি যে এভাবে চিনির রস খাইয়ে তাদের সাথে প্রতারণা করা হবে।

স্থানীয়রা এবং দর্শনার্থীরা অভিযোগ করেছেন যে, বাগানের লিজ গ্রহীতারা এই জালিয়াতির সাথে সরাসরি জড়িত। অবিলম্বে এই প্রতারণা বন্ধের জন্য অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

স্বাস্থ্যকর প্রাকৃতিক পানীয়র আড়ালে একদল অসাধু চক্র সাধারণ মানুষের স্বাস্থ্য ও বিশ্বাসের সাথে ছিনিমিনি খেলছে।

Post a Comment

0 Comments