নোয়াখালীর বেগমগঞ্জে নিয়মিত পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৩টি বিদেশী পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগাজিনসহ আব্দুর রহিম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সন্ধ্যায় উপজেলার বাংলাবাজার সংলগ্ন গোপালপুর গ্রামের একটি ব্রিজের বিপরীত পাশের রাস্তা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় বেগমগঞ্জ থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই অভিযানের অংশ হিসেবে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে একটি অনিন্ধিত (আনরেজিস্টার্ড) রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলকে পুলিশ থামার সংকেত দেয়। মোটরসাইকেল আরোহী পুলিশের সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বেগমগঞ্জ মডেল থানার একটি চৌকস দল তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং আটক করে।
পরবর্তীতে আটককৃত আব্দুর রহিমের দেহ তল্লাশি করে তার কোমরের সামনের ও পেছনের অংশ থেকে ৩টি বিদেশী পিস্তল, ৮ রাউন্ড তাজা গুলি এবং ৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ গ্রামের বাসিন্দা।
বেগমগঞ্জ মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক অনুসন্ধান ও পিসিপিআর (PCPR) পর্যালোচনা করে আটককৃত যুবকের আগের কোনো অপরাধের রেকর্ড বা তাৎক্ষণিকভাবে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে সে ঠিক কী উদ্দেশ্যে, কোথা থেকে এই ভারী আগ্নেয়াস্ত্র নিয়ে আসছিল এবং এগুলো কী কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল, তা উদঘাটনে পুলিশি জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলমান রয়েছে।
এদিকে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ওই যুবকের সাথে আরও দুজন সহযোগী ছিল যারা পুলিশি তৎপরতা দেখে পেছনের আরেকটি মোটরসাইকেল ঘুরিয়ে একটি বাড়ির ভেতর দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়দের অভিযোগ, গ্রেপ্তারকৃত যুবক ও তার চক্রটি এলাকায় মূলত চুক্তিভিত্তিক (কন্ট্রাক্ট কিলিং) সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবাধ্যদের দমনে নিয়োজিত ছিল।
অস্ত্র উদ্ধারের এই ঘটনায় বেগমগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি এবং পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
0 Comments