ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড ফয়সাল করিম মাসুদ ভারতে গ্রেপ্তার


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ও মাস্টারমাইন্ড ফয়সাল করিম মাসুদ ভারতে গ্রেপ্তার হয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ শাখা এসটিএফ (STF) গত শনিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে। তার সাথে আলমগীর হোসেন নামে আরও এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

কলকাতা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্তরা হত্যাকাণ্ডের পর মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর তারা সীমান্ত সংলগ্ন বনগাঁ এলাকায় আশ্রয় নেন। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ-এর একটি বিশাল বাহিনী গত কয়েকদিন ধরে তাদের গতিবিধির ওপর কড়া নজরদারি চালাচ্ছিল। তাদের কথোপকথন এবং গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় গত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তদন্তকারী সংস্থা এসটিএফ জানতে পেরেছে যে, কৌশলে বনগাঁ এলাকায় আত্মগোপন করেছিলেন ফয়সাল ও আলমগীর। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখান থেকে সহজেই বাংলাদেশের সিম কার্ড ব্যবহার করে যোগাযোগ রক্ষা করা সম্ভব। এছাড়া আর্থিক লেনদেন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার সুবিধার কথা চিন্তা করেই তারা এই এলাকাটি বেছে নিয়েছিলেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আপাতত ভারতে অবৈধ অনুপ্রবেশসহ অন্যান্য ধারায় মামলা দায়ের করা হচ্ছে। যেহেতু আজ রোববার ছুটির দিন, তাই আগামীকাল সোমবার তাদের আদালতে তোলা হবে।

কলকাতা পুলিশ সূত্রে জানানো হয়েছে, বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে জানানো হবে। এরপর প্রয়োজনীয় প্রোটোকল ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার পর থেকেই এই আসামিরা পলাতক ছিলেন। তাদের এই গ্রেপ্তারের মধ্য দিয়ে হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।

Post a Comment

1 Comments

  1. অপরাধীদের বিচারের মুখোমুখি করা হোক।

    ReplyDelete