মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও আগ্রাসনের আবহে বিশ্ব রাজনীতিতে এক সাহসী ও নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে স্পেন। ইরান অভিমুখে ধেয়ে আসা মার্কিন যুদ্ধবিমানগুলোর জন্য নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে মাদ্রিদ। স্পেনের এই সিদ্ধান্তের ফলে ন্যাটোর সামরিক রুটগুলোতে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
বিখ্যাত স্প্যানিশ সংবাদপত্র 'এল পাইস' (El País)-এর বরাত দিয়ে জানানো হয়, স্পেন সরকার কেবল তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতেই মানা করেনি, বরং পুরো আকাশপথে মার্কিন সামরিক যানের জন্য 'নো এন্ট্রি' সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। অর্থাৎ, ইরানের ওপর হামলা চালাতে স্পেনের আকাশপথ ব্যবহার করতে পারবে না ওয়াশিংটন।
স্পেনের অর্থমন্ত্রী কার্লোস ফেরপো এক রেডিও সাক্ষাৎকারে সাফ জানিয়ে দেন যে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একতরফাভাবে শুরু করা কোনো যুদ্ধের অংশ হবে না স্পেন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও এই অবস্থানের সপক্ষে জোরালো যুক্তি দিয়েছেন। তার মতে, ইরানকে লক্ষ্য করে চালানো এই আক্রমণ স্রেফ গায়ের জোর খাটানো ছাড়া আর কিছুই নয়।
স্পেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগস্থল হওয়ায় এই নিষেধাজ্ঞার ফলে ন্যাটোর বিমানগুলোকে এখন হাজার হাজার মাইল পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে, যা মার্কিন রণকৌশলে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস মন্তব্য করেছেন যে, ইউরোপের উচিত আমেরিকার ছায়ায় না থেকে একটি ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা।
পশ্চিমা বিশ্বের অধিকাংশ রাষ্ট্র যখন ওয়াশিংটনের সুরে সুর মেলাচ্ছে, তখন স্পেনের এই ভিন্ন অবস্থান মাদ্রিদ ও ওয়াশিংটনের মধ্যে এক নতুন স্নায়ুযুদ্ধের আভাস দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
স্পেন স্পষ্ট করে দিয়েছে যে, বন্ধুত্বের চেয়ে আন্তর্জাতিক আইনের শাসন রক্ষা করাই তাদের কাছে এখন বড় অগ্রাধিকার।
0 Comments