রহস্যজনক আগুনে জ্বলছে বিশ্বের বৃহত্তম রণতরী জেরাল্ড ফোর্ড: বিপাকে ৪,৫০০ মার্কিন সেনা


লোহিত সাগরে মোতায়েন করা বিশ্বের সর্ববৃহৎ মার্কিন বিমানবাহী রণতরী 'ইউএসএস জেরাল্ড ফোর্ড'-এ ভয়াবহ ও রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত এক সপ্তাহ ধরে চলা এই অগ্নিকাণ্ডে রণতরীটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানে অবস্থানরত কয়েক হাজার মার্কিন সেনা চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছেন।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে রণতরীটির লন্ড্রি বা কাপড় ধোয়ার অংশে প্রথম আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকা এই আগুনের ধোঁয়ায় রণতরীর অভ্যন্তরে বাতাস চলাচলে বিঘ্ন ঘটছে এবং অনেক সেনা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। মার্কিন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে অনেকটা গোপনীয়তা বজায় রাখলেও সোমবার স্থানীয় গণমাধ্যমগুলো এ খবর প্রকাশ্যে আনে।

ভয়াবহ ক্ষয়ক্ষতি ও মানবেতর জীবন:

  • অগ্নিকাণ্ডের ফলে অন্তত ৬০০ নাবিকের থাকার জায়গা সম্পূর্ণ পুড়ে গেছে। বর্তমানে তারা রণতরীর মেঝেজুড়ে বা টেবিলের ওপর ঘুমিয়ে রাত কাটাচ্ছেন।
  • ১০ মাস ধরে মোতায়েন থাকা ১ লাখ টন ওজনের এই রণতরীর পয়নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। রণতরীতে থাকা ৬৫০টি টয়লেটের সবগুলোই এখন অকার্যকর হয়ে পড়েছে।
  • লন্ড্রি পুড়ে যাওয়ায় সেনারা দীর্ঘ সময় ধরে কাপড় ধুতে পারছেন না, যা স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।

১৩ বিলিয়ন ডলার মূল্যের এই রণতরীটি বর্তমানে লোহিত সাগর ও পারস্য উপসাগরে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। তবে বর্তমান পরিস্থিতির কারণে জাহাজটি তার সহনক্ষমতার শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সামরিক কর্মকর্তারা। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় আমেরিকা বর্তমানে অন্য একটি বিমানবাহী রণতরী 'ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ' মধ্যপ্রাচ্যে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে।

গত বছরের জুনে ভার্জিনিয়া বন্দর ছাড়ার পর থেকে এটি আটলান্টিক ও ভূমধ্যসাগর হয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। যদি এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত এটি মোতায়েন থাকে, তবে তা হবে ভিয়েতনাম যুদ্ধের পর কোনো মার্কিন রণতরীর দীর্ঘতম সময় সমুদ্রে অবস্থান করার রেকর্ড।

Post a Comment

0 Comments