ইরানের 'অপারেশন ট্রু প্রমিস ফোর': রণতরী আব্রাহাম লিংকনের পিছু হটা


ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে, তাদের পরিচালিত 'অপারেশন ট্রু প্রমিস ফোর' অভিযানে গত দুই দিনে ৬৫০ জনেরও বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানিয়েছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর সদর দপ্তর ও যুদ্ধজাহাজে হামলার পর মার্কিন বিমানবাহী রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন' ইরানের উপকূলীয় জলসীমা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। জানা গেছে, দক্ষিণ-পূর্ব ইরানের চাবাহার উপকূল থেকে প্রায় ২৫০-৩০০ কিলোমিটার দূরে অবস্থানরত রণতরিটি লক্ষ্য করে ইরানি নৌবাহিনী চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর ফলে রণতরিটি ভারত মহাসাগরের দক্ষিণ-পূর্ব দিকে সরে যায়

আইআরজিসির দাবি অনুযায়ী, এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য ছিল বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর। সেখানে একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনায় হামলায় ১৬০ জন সদস্য হতাহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন নৌবাহিনীর একটি কমবেট সাপোর্ট জাহাজ (MST) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে

নিহত ও আহতদের সংখ্যা নিয়ে জেনারেল নাইনি বলেন, আমেরিকানদের জন্য এই ক্ষয়ক্ষতির খবর অস্বীকার বা গোপন করা স্বাভাবিক হলেও ইরানের গোয়েন্দা এবং যুদ্ধক্ষেত্রের তথ্য এই সংখ্যার সত্যতা নিশ্চিত করেছে। মূলত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের চলমান আগ্রাসনের জবাবে পাল্টা পদক্ষেপ হিসেবে 'অপারেশন ট্রু প্রমিস ফোর' পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে

Post a Comment

0 Comments