ঝিনাইদহে তেল নিতে গিয়ে পাম্প শ্রমিকদের হামলায় যুবকের মৃত্যুর অভিযোগ


ঝিনাইদহে একটি ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পাম্প শ্রমিকদের হামলায় নীরব (২২) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। তেলের রেশনিং সিস্টেম নিয়ে কথা কাটাকাটির জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্যমতে, নীরব ও তার সঙ্গীরা মোটরসাইকেলে তেল নিতে পাম্পে যান। সেখানে রেশনিং নিয়মের কারণে তাদের তেল দিতে অস্বীকৃতি জানানো হয়। তবে পাশেই বোতলে করে ৫ লিটার তেল সরবরাহ করতে দেখে নীরব প্রতিবাদ জানান। এই নিয়ে পাম্প শ্রমিকদের সাথে তার কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে পাম্পের শ্রমিকরা নীরবের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

হামলার পর অসুস্থ অবস্থায় নীরবকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, রাত ৯টা ৫ মিনিটের দিকে নীরবকে মুমূর্ষু অবস্থায় আনা হয়েছিল। প্রাথমিক পরীক্ষায় তার নাড়ির স্পন্দন পাওয়া যায়নি। জরুরি চিকিৎসা দিয়ে তাকে সার্জারি ওয়ার্ডে পাঠানো হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিকিৎসক আরও জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিশেষ করে কানের নিচে এবং মাথার পেছনে ফোলা অংশ দেখা গেছে, যা থেকে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঝিনাইদহ জেলা পুলিশের একজন কর্মকর্তা জানান, তেল নিয়ে কথা কাটাকাটির জেরে হাতাহাতির ঘটনাটি ঘটেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য পাম্পের তিনজন কর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে। এদিকে সিসিটিভি মনিটর নষ্ট বলে দাবি করেছে পাম্প কর্তৃপক্ষ, তবে পুলিশ হার্ডডিস্ক পরীক্ষা করে দেখার আশ্বাস দিয়েছে।

Post a Comment

0 Comments