আইনজীবীর হাতে স্ত্রী খুন: মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টাকালে ঘাতক স্বামী আটক
March 07, 2026
দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য ও দুই সন্তানের মায়াকে তুচ্ছ করে নিজ স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে জামালপুর সদর এলাকায় এই হারহিম করা ঘটনাটি ঘটে। ঘাতক স্বামী তাইফুরকে আটক করেছে পুলিশ।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ এবং স্বামীর মাদকাসক্তির কারণে তানিয়া আক্তার তনু তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। স্বামী বারবার ফোন করে ফিরে আসতে বলায় বৃহস্পতিবার রাতে তিনি স্বামীর বাড়িতে ফেরেন। রাত ১টার দিকে পুনরায় পারিবারিক কলহ শুরু হলে ঘাতক তাইফুর টেবিলের ওপর থাকা সিলিং ফ্যান দিয়ে তানিয়াকে পিটিয়ে হত্যা করে।
হত্যা নিশ্চিত হওয়ার পর অপরাধ আড়াল করতে ঘাতক স্বামী তানিয়ার মরদেহ বিছানায় রেখে তোষক দিয়ে পেঁচিয়ে আগুন ধরিয়ে দেয়। গভীর রাতে ঘর থেকে আগুনের শিখা বের হতে দেখে প্রতিবেশীরা ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস ও পুলিশের উপস্থিতিতে ঘর থেকে তানিয়ার দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ভাই তুহিন জানান, আগুনের খবর পেয়ে তারা সেখানে পৌঁছালে দেখেন তাইফুর ভেতর থেকে দরজা বন্ধ করে মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করছে। অনেক অনুনয় করার পরও সে দরজা খোলেনি। পরে দরজা ভেঙে উদ্ধারকারীরা তানিয়ার অর্ধেকের বেশি দগ্ধ মরদেহ দেখতে পান।
জামালপুর সদর থানা পুলিশ জানিয়েছে, স্থানীয় জনতা ও সংবাদকর্মীদের তথ্যের ভিত্তিতে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছে। অভিযুক্ত তাইফুরকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনের রক্ষক হয়েও এমন বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনরা ঘাতক তাইফুরের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
0 Comments