কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২৫০ কেজি ওজনের এক বিশাল আকৃতির ‘বোল’ মাছ। বিরল এই মাছটি ধরা পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশালকার এই মাছটি দেখতে টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট ঘাটে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমায়।
গত ৩ মার্চ সেন্টমার্টিন পশ্চিম সাগরে টেকনাফের বোটঘাট থেকে জীবিকার সন্ধানে বের হওয়া মোহাম্মদ রাসেলের মালিকানাধীন একটি ট্রলারে মাছটি ধরা পড়ে। ঘেরা জালে মাছ শিকারের সময় অপ্রত্যাশিতভাবে এই বিশাল বোল মাছটি আটকা পড়ে। টানা দুই দিন সাগরে অবস্থানের পর বৃহস্পতিবার দুপুরে ট্রলারটি টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট ঘাটে ফিরে আসে।
মাছটি ঘাটে তোলার পরপরই স্থানীয় মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম ও তার অংশীদাররা মিলে আনুষঙ্গিক খরচসহ প্রায় ৩ লাখ টাকা দিয়ে মাছটি কিনে নেন। মাছটির সতেজতা বজায় রাখতে দ্রুততার সাথে সেটিকে আলগালি ফিশিং ফিশারিতে নিয়ে পর্যাপ্ত বরফ দিয়ে সংরক্ষণ করা হয়।
মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, শুক্রবার জুমার নামাজের পর টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন বাজারে মাছটি কেটে সাধারণ ক্রেতাদের জন্য খুচরা মূল্যে বিক্রি করা হবে। গত বছর পবিত্র রমজান মাসেও একই ধরনের বড় মাছ বিক্রির অভিজ্ঞতা থাকায় এবারও স্থানীয় ভোজনরসিকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। ৫ থেকে ৬ জন লোক মিলে বিশাল এই মাছটি কাটতে রীতিমতো হিমশিম খাচ্ছেন।
বিশালকার এই মাছ ধরা পড়ার ঘটনাটি স্থানীয় জেলেদের জন্য বড় প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে এবং এটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
0 Comments