আইপিএল-এর সব ধরনের খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়


মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার ও সংশ্লিষ্ট সকল অনুষ্ঠান প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ৫ জানুয়ারি, ২০২৬ তারিখে জারি করা এক সরকারি আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কোনো যৌক্তিক কারণ ছাড়াই আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স (KKR) থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ সরকার। এর প্রতিবাদস্বরূপ বাংলাদেশে আইপিএল-এর সব ধরনের খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখা থেকে জারি করা আদেশে বলা হয়েছে, আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএল-এর সব লাইভ ম্যাচ, টকশো, বুলেটিন বা আইপিএল সংক্রান্ত যেকোনো অনুষ্ঠান বাংলাদেশের কোনো টেলিভিশনে প্রচার করা যাবে না।

আদেশে উল্লেখ করা হয়েছে যে, মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সিদ্ধান্তে কোনো যৌক্তিকতা খুঁজে পায়নি বাংলাদেশ। এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে, যার প্রতিক্রিয়া হিসেবেই এই নিষেধাজ্ঞা।

এর আগে তথ্য উপদেষ্টা জানিয়েছিলেন যে, ভারত একটি অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে এবং এর বিপরীতে বাংলাদেশের পক্ষ থেকে একটি জোরালো প্রতিক্রিয়া দেখানো প্রয়োজন। আইনি প্রক্রিয়া যাচাই-বাছাইয়ের পর আজ আনুষ্ঠানিকভাবে এই সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়। যদিও সংবাদে আইপিএল সংক্রান্ত তথ্য প্রচারে বাধা নেই, তবে লাইভ খেলা বা বিশেষ কোনো প্রোগ্রাম কোনোভাবেই প্রচার করা যাবে না

Post a Comment

0 Comments