ভেনেজুয়েলার তেল উত্তোলন এবং রপ্তানি খাতের পূর্ণ নিয়ন্ত্রণ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানের মাধ্যমে সরিয়ে দেওয়ার পর, দেশটির জ্বালানি সম্পদ ও অর্থনীতির ওপর ওয়াশিংটন তাদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করেছে।
নতুন চুক্তি অনুযায়ী, ভেনেজুয়েলা যে তেল রপ্তানি করবে, তার সম্পূর্ণ অর্থ জমা রাখা হবে যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতে। এই অর্থ কীভাবে ব্যয় হবে, তার পূর্ণ তদারকি করবে হোয়াইট হাউস। চুক্তির একটি অন্যতম শর্ত হলো—তেল বিক্রির এই অর্থ দিয়ে ভেনেজুয়েলাকে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে তৈরি পণ্য কিনতে হবে। এর মধ্যে রয়েছে মার্কিন কৃষি পণ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো উন্নয়নের যন্ত্রপাতি।
ভেনেজুয়েলায় চীন ও রাশিয়ার দীর্ঘদিনের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ ও কৌশলগত আধিপত্য দমানোই এখন ওয়াশিংটনের প্রধান লক্ষ্য। হোয়াইট হাউস স্পষ্ট করে দিয়েছে যে, এই অঞ্চলে তারা বেইজিং বা মস্কোর কোনো প্রভাব মেনে নেবে না। ট্রাম্প প্রশাসনের মতে, ভেনেজুয়েলার গণতন্ত্র বা মানবাধিকারের চেয়ে নিরবিচ্ছিন্ন তেল সরবরাহ এবং ভূ-রাজনৈতিক নিয়ন্ত্রণ নিশ্চিত করাই এখন তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।
0 Comments