বিশ্বকাপে বাংলাদেশ দলকে ‘রাষ্ট্রীয়’ নিরাপত্তা দিতে চায় ভারত: অনড় অবস্থানে বিসিবি


আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং আসন্ন বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যু নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার উত্তেজনা এক নতুন মোড় নিয়েছে।

রাজনৈতিক চাপের মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তার কারণ দেখিয়ে আসন্ন বিশ্বকাপে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে এবার বাংলাদেশি ক্রিকেটারদের সরকার প্রধানদের সমতুল্য ‘রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা’ দেওয়ার প্রস্তাব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিসিবি ইতিমধ্যে আইসিসিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে তারা ভারতে দল পাঠাতে নিরাপদ বোধ করছে না। ক্রিকেটারদের সম্মান ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিসিবি কর্মকর্তারা।

বাংলাদেশ দল ভারতে না গেলে কোটি কোটি টাকার লোকসানের মুখে পড়বে ভারত। তাই ক্ষতি এড়াতে মোস্তাফিজসহ পুরো বাংলাদেশ দলকে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিসিসিআই। এই নিরাপত্তা ব্যবস্থা সাধারণত কোনো দেশের সরকার প্রধানদের দেওয়া হয়ে থাকে।

বিসিবি চায় তাদের ম্যাচগুলো ভারতে না খেলে শ্রীলঙ্কায় খেলতে। জানা গেছে, ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসিও বেশ নমনীয় অবস্থানে রয়েছে। আজই এ বিষয়ে বিসিবি ও আইসিসির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মোস্তাফিজ বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার। তাকে আইপিএল থেকে এভাবে বাদ দেওয়াকে তারা খেলোয়াড়ের প্রতি অসম্মান হিসেবে দেখছেন, যা কোনোভাবেই বোর্ড মেনে নেবে না।

ক্রীড়া বিশ্লেষকদের মতে, ভারতের এই সর্বোচ্চ নিরাপত্তার প্রস্তাব মূলত তাদের এক ধরণের আক্ষেপ বা আফসোসেরই প্রতিফলন। মুস্তাফিজের আইপিএল খেলা না খেলা এখন আর কেবল একটি লিগের বিষয় নেই, এটি এখন দুই দেশের কূটনৈতিক ও ক্রীড়া সম্পর্কের এক বড় সংকটে রূপ নিয়েছে।

পরবর্তী পদক্ষেপ কী হবে, তা আজ আইসিসির সাথে বিসিবির বৈঠকের পর পরিষ্কার হবে বলে আশা করা হচ্ছে।

Post a Comment

0 Comments