জুলাই যোদ্ধা সুরভীকে ফাঁসাতে সাংবাদিক-পুলিশের সমন্বিত 'সিন্ডিকেট'?
January 07, 2026
জুলাই গণঅভ্যুত্থানের পরিচিত মুখ তাহরিমা জান্নাত সুরভীকে চাঁদাবাজির মিথ্যা মামলায় ফাঁসানোর নেপথ্যে এক ভয়াবহ সিন্ডিকেটের তথ্য বেরিয়ে এসেছে। ১৭ বছর বয়সী কিশোরী সুরভীকে ২১ বছর দেখিয়ে রিমান্ডে নেওয়া এবং প্রিজন ভ্যানে টেনে-হিঁচড়ে তোলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
গত ৫ জানুয়ারি গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মধ্যরাতে ঘর থেকে তুলে নিয়ে তাকে ১০ দিন কারাগারে আটকে রাখা হয়। অভিযোগ উঠেছে, অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও তাকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে এই আইনি প্রক্রিয়া চালানো হয়। তবে ব্যাপক জনরোষের মুখে ওইদিন সন্ধ্যায় অতিরিক্ত জেলা ও দায়েরা জজ আদালত রিমান্ড বাতিল করে তাকে চার সপ্তাহের জামিন প্রদান করেন।
সুরভীকে হেনস্তার পেছনে প্রধান অভিযুক্ত হিসেবে উঠে এসেছে বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার নাইমুর রহমান দুর্জয়ের নাম। দুর্জয় সুরভীর বিরুদ্ধে মাত্র ৫০,০০০ টাকা চাঁদাবাজির একটি মামলা করেন, যা আওয়ামী লীগ ঘরানার কিছু গণমাধ্যম '৫০ কোটি টাকা' হিসেবে প্রচার করে 'মিডিয়া ট্রায়াল' শুরু করে।
নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টার ঘনিষ্ঠ লোক দাবি করে দুর্জয় ক্ষমতার প্রভাব খাটান বলে অভিযোগ উঠেছে। এমনকি সুরভীর কাছে তার অনৈতিক আবদারের তথ্যও সামনে এসেছে।মামলায় উল্লিখিত দুর্জয়ের ফোন নম্বরটি অন্য একজনের নামে নিবন্ধিত পাওয়া গেছে।
রিমান্ডে নেওয়ার সময় সুরভী চিৎকার করে পুলিশের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তোলেন। তার দাবি, 'ফারুক' নামের এক পুলিশ সদস্য রিমান্ডের ভয় দেখিয়ে টাকা দাবি করেছিলেন এবং টাকা না পেয়েই তাকে হয়রানি করা হচ্ছে।
সুরভীর মুক্তির পর তাকে দেখতে যান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের 'চাঁদাবাজ' হিসেবে চিত্রিত করার জন্য একটি পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে নির্দিষ্ট কিছু সংবাদপত্রের নাম উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত অপরাধীদের আড়াল করতেই এই তরুণদের টার্গেট করা হচ্ছে।
১০ দিনের কারাবাস শেষে মায়ের কোলে ফিরেছেন সুরভী। তবে বিতর্কিত সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় এবং অভিযুক্ত পুলিশ সদস্য ফারুকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। এই ঘটনায় সাংবাদিক ও পুলিশের এমন সমন্বিত 'নেক্কারজনক' চালে স্তব্ধ গোটা দেশ।
0 Comments