সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফায় বজ্রপাত আঘাত হানার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
সম্প্রতি দুবাই ও এর পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সময় ৮২৮ মিটার উঁচু বুর্জ খলিফার শীর্ষে বজ্রপাত আঘাত হানে। ভিডিওতে দেখা যায়, ঘন সবুজ আভাযুক্ত মেঘে ঢাকা আকাশের মধ্যে বজ্রপাতটি সরাসরি ভবনের চূড়ায় পড়ছে।
এই বিরল দৃশ্যটি প্রথম শেয়ার করেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। বজ্রপাতে বুর্জ খলিফার কোনো ক্ষতি হয়নি। ভবনটির নকশা এমনভাবে করা হয়েছে যাতে এটি অনায়াসেই বজ্রপাত প্রতিরোধ করতে পারে।
আবহাওয়া পরিস্থিতি বেগতিক দেখে ক্রাউন প্রিন্স আগেই ইনস্টাগ্রামে বিভিন্ন ভিডিও ও মানচিত্র শেয়ার করে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছিলেন।
সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি (NCM) জানিয়েছে, 'আল বাসায়া' নামক একটি নিম্নচাপের প্রভাবে এই অস্থিতিশীল আবহাওয়ার সৃষ্টি হয়েছে। লোহিত সাগর থেকে সৃষ্ট একটি ভূপৃষ্ঠীয় নিম্নচাপ এর মূল কারণ। নিম্নচাপের প্রভাবে শারজাহ ও রাস আল খাইমাহর বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। এছাড়া আবুধাবি ও দুবাইসহ বিভিন্ন অঞ্চলে বজ্রধ্বনিসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগের এই সময়ে নাগরিকদের নিরাপত্তা বজায় রাখতে এবং আবহাওয়া দপ্তরের নির্দেশনা মেনে চলতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।
0 Comments