মিরপুরে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬


রাজধানীর মিরপুরে  এনসিপি এর ছয় নেতাকর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, শনিবার রাত ৯টার পরে স্থানীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেত্রী হোসনেয়ারাকে গ্রেপ্তারের জন্য পুলিশসহ তার মিরপুরের বাসায় যান এনসিপি নেতাকর্মীরা। অভিযোগ রয়েছে, হোসনেয়ারা আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে অর্থায়ন ও সহযোগিতা করে আসছিলেন। নেতাকর্মীরা সেখানে পৌঁছানো মাত্রই দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

আরিফুল ইসলাম আদিবের দাবি অনুযায়ী, স্থানীয় সন্ত্রাসী পিসি কামাল এবং হারুন রশিদের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি রড ও জিআই পাইপ নিয়ে এই হামলা চালায়। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হলো, পুলিশের উপস্থিতিতেই এই হামলার ঘটনা ঘটে।

হামলায় এনসিপির ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন। বর্তমানে তারা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিবেদনটি প্রকাশ হওয়া পর্যন্ত এই হামলার ঘটনায় থানায় কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি।

Post a Comment

0 Comments