আওয়ামী লীগ নিষিদ্ধের উদ্বেগে ড. ইউনূসকে মার্কিন ৫ আইনপ্রণেতার চিঠি


বাংলাদেশে একটি রাজনৈতিক দলের (আওয়ামী লীগ) কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের পাঁচ প্রভাবশালী সদস্য।

মার্কিন আইনপ্রণেতারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তাঁরা ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানালেও একটি স্বচ্ছ ভোটের পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

চিঠিতে দেশে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কংগ্রেস সদস্যদের মতে, সংগঠনের স্বাধীনতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি মৌলিক মানবাধিকার এবং ঢালাওভাবে কোনো দলকে নিষিদ্ধ করা এই নীতির পরিপন্থী।

অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে সব রাজনৈতিক পক্ষের সঙ্গে সংলাপ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ফিরিয়ে আনার ওপর তাঁরা জোর দিয়েছেন।

মার্কিন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র‍্যাংকিং মেম্বার গ্রেগরি ডাব্লিউ মিক্স, বিল হুইজেঙ্গা, সিডনি কামলিগার ডোভ, জুলি জনসন এবং টম সুয়েজি এই চিঠিতে স্বাক্ষর করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, মার্কিন আইনপ্রণেতাদের পাঠানো এই চিঠি সম্পর্কে সরকারের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য বা কপি আসেনি। প্রেস সচিব সরকারের অবস্থান স্পষ্ট করে বলেন, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, এই নির্বাচনে তারা অংশ নিতে পারবে না।

মার্কিন প্রতিনিধি পরিষদের ওয়েবসাইটে মঙ্গলবার এই বিজ্ঞপ্তির বিষয়ে তথ্য প্রকাশিত হয়।

Post a Comment

0 Comments