তারেক রহমানের প্রত্যাবর্তন: ৩০০ ফিট এলাকায় জনসমুদ্র, নেতাকর্মীদের উচ্ছ্বাস


দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর কুড়িল থেকে ৩০০ ফিট (পূর্বাচল রোড) এলাকায় সৃষ্টি হয়েছে এক নজিরবিহীন জনসমুদ্র। পুরো এলাকায় এখন তিল ধারণের জায়গা নেই।

তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে বিএনপি একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছে। দলীয় নেতাকর্মীদের মতে, দেশ স্বাধীনের পর এত বড় জনসমাগম এর আগে কখনও হয়নি। গত রবিবার থেকেই সারাদেশ থেকে নেতাকর্মীরা ৩০০ ফিট এলাকায় জড়ো হতে শুরু করেছেন। অনেকে দুই-তিন দিন আগে থেকেই মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন যাতে প্রিয় নেতার বক্তব্য সামনে থেকে শুনতে পারেন। বিমানবন্দর সড়ক থেকে শুরু করে পুরো ৩০০ ফিট এলাকা এখন লোকে লোকারণ্য।

তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি আজ সকাল ৯:৩০ মিনিটে সিলেটে অবতরণ করার কথা। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দরে বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতারা তাঁকে স্বাগত জানাবেন।

বিমানবন্দর থেকে তিনি সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় নির্মিত বিশাল সংবর্ধনা মঞ্চে আসবেন এবং জাতির উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখবেন। এখান থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে তাঁর অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।

সামনে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমানের এই ফেরা নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। তাঁরা মনে করছেন, এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র নসাৎ হবে এবং দলের বিজয় নিশ্চিত হবে।

পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় স্বেচ্ছাসেবীরা নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন। নেতাকর্মীদের এই বিশাল ঢল সামলাতে আশেপাশের সড়কগুলোতে যান চলাচল অনেকটাই সীমিত হয়ে পড়েছে।

Post a Comment

0 Comments