জুলাই গণঅভ্যুত্থানের সময় সম্মুখ সারিতে থেকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মন্তব্যের জন্য ভাইরাল হওয়া তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৫০ কোটি টাকা চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং এবং প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৪ ডিসেম্বর মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে সুরভীকে গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী।
গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে আড়াই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার নেতৃত্বাধীন একটি চক্রের বিরুদ্ধে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এ পর্যন্ত প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
বনানীর এক ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে সুরভীসহ কয়েকজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন। বর্তমানে তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করার প্রক্রিয়া চলছে।
জুলাই অভ্যুত্থানের সময় বিভিন্ন উস্কানিমূলক ও বিতর্কিত ভিডিওর মাধ্যমে সুরভী সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ হয়ে ওঠেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও বিভিন্ন সময় কটুক্তি করেছেন।
অভিযোগ রয়েছে, নিজের ভাইরাল পরিচিতিকে কাজে লাগিয়ে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন এবং পরে তাদের ব্ল্যাকমেইল করতেন।
পুলিশ জানিয়েছে, এই চক্রটি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে 'সমন্বয়ক' বা 'জুলাইযোদ্ধা' পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম সংঘটিত করে আসছিল। পুলিশ এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।
0 Comments