নারায়ণগঞ্জের আড়াইহাজারে উদ্ধারকৃত অজ্ঞাতনামা মস্তকবিহীন লাশের পরিচয় ও হত্যাকাণ্ডের রহস্য চার দিনের মধ্যেই উন্মোচন করেছে পিবিআই (PBI)। পরকীয়ার জেরে এই নৃশংস হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
নিহতের নাম আব্রাহাম খান ওরফে আলিম খান (২৭)। তিনি রাজবাড়ীর পাংসা উপজেলার ওয়াজেদ আলী খানের ছেলে এবং পেশায় একজন রংমিস্ত্রী ছিলেন।
পিবিআই-এর তদন্তে উঠে এসেছে যে, আব্রাহাম খানের সাথে গ্রেফতারকৃত আসামী রাকিবুল হাসান ওরফে রাব্বির খালার পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর আব্রাহাম ওই নারীকে ব্ল্যাকমেইল করতে শুরু করেন। এর প্রতিশোধ নিতেই রাব্বি ও তার খালা মিলে তাকে হত্যার পরিকল্পনা করেন।
গত ১৫ ডিসেম্বর রাজবাড়ী থেকে আব্রাহামকে ফোন করে আড়াইহাজারে ডেকে আনা হয়। রাত ১০টার দিকে আড়াইহাজারের শ্রীনিবাসী গ্রামের রাস্তার পাশে তাকে দা দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। লাশের পরিচয় গোপন করতে মাথা বিচ্ছিন্ন করে পার্শ্ববর্তী একটি খালে ফেলে দেওয়া হয়।
| নিহত আব্রাহাম খান |
১৬ ডিসেম্বর সকালে স্থানীয়রা মস্তকবিহীন দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পিবিআই ক্রাইম সিন টিম ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকার মধ্যবাড্ডা এলাকা থেকে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত মোহাম্মদ রুহুল আমিন ওরফে রাব্বিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে।
১৮ ডিসেম্বর স্থানীয়দের তথ্যের ভিত্তিতে খাল থেকে আব্রাহামের খণ্ডিত মাথা, হত্যাকাণ্ডে ব্যবহৃত দা এবং তার পরিহিত জ্যাকেটের অংশবিশেষ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনার সাথে জড়িত রাব্বির খালাসহ অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
0 Comments