রাজশাহীর তানোরে গভীর নলকূপের খোলা গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে অবশেষে ৩২ ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দীর্ঘ উদ্ধার তৎপরতা শেষে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।
শিশু সাজিদ তার মায়ের সাথে খেলার সময় একটি গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায়।শিশুটি নলকূপের প্রায় ৫০ ফুট গভীর গর্তে আটকে ছিল।
খবর পাওয়ার পর বুধবার দুপুর পৌনে ২টা থেকেই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। পরে ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই কাজে যোগ দেন। প্রায় ৩২ ঘণ্টা ধরে ফায়ার সার্ভিসের মোট ৬-৭টি ইউনিট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
কুপের ভেতরে অক্সিজেন সরবরাহ করা হয়, যাতে শিশুটি জীবিত থাকে। দীর্ঘ প্রচেষ্টার পর বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে শিশু সাজিদকে গর্ত থেকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পরপরই সাজিদকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডিরেক্টর অপারেশন লেফটেন্যান্ট কর্নেল ফাদুল ইসলাম এক ব্রিফিংয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেন।
দীর্ঘ ৩২ ঘণ্টা ধরে শিশুটির জীবিত উদ্ধারের যে প্রত্যাশা ছিল, শেষ পর্যন্ত তার করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
0 Comments