কক্সবাজারে ৩২ বস্তা ভারী আগ্নেয়াস্ত্র জব্দ: নেপথ্যে কি আরাকান আর্মি নাকি নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র?


১৮ই ডিসেম্বর ভোরে কক্সবাজারের রামুতে পুলিশ এক বিশেষ অভিযানে ৩২ বস্তা ভারী আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম উদ্ধার করেছে। পুলিশ ধারণা করছে, এই বিপুল পরিমাণ অস্ত্র মিয়ানমারভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির জন্য পাচার করা হচ্ছিল অথবা আগামী জাতীয় সংসদ নির্বাচন বাঞ্চাল করার উদ্দেশ্যে আনা হয়েছিল।

১৮ই ডিসেম্বর ভোররাত আনুমানিক ২টার দিকে রামু-নাইক্ষ্যংছড়ি সড়ক দিয়ে মিয়ানমার সীমান্তে যাওয়ার পথে পুলিশ একটি মিনি ট্রাক থামানোর সংকেত দেয়। ট্রাকচালক ও তার সহযোগীরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। ট্রাকটি তল্লাশি করে ৩২টি প্লাস্টিকের বস্তায় মোট ১,৬০০টি ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগজিন বা সরঞ্জাম উদ্ধার করা হয়।

এই পাচার কাজের সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— শাহজাহান, মোহাম্মদ ইলিয়াস এবং আতিকুর রহমান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, এই আগ্নেয়াস্ত্রের সরঞ্জামগুলো চট্টগ্রাম থেকে আনা হয়েছে। মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় সক্রিয় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর কাছে এগুলো সরবরাহ করার পরিকল্পনা ছিল তাদের।

পুলিশ জানায়, সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত সরঞ্জামগুলো মূলত ভারী আগ্নেয়াস্ত্রের অংশ। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং এই চক্রের সাথে অন্য কারো সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সম্প্রতি কক্সবাজার টার্মিনাল এলাকায় প্রকাশ্য দিবালোকে দুজনকে গুলি করার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। এর মধ্যে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের খবর স্থানীয়দের আরও শঙ্কিত করে তুলেছে। স্থানীয়দের মতে, এসব অস্ত্র হয় মিয়ানমারের আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল অথবা বাংলাদেশের আগামী নির্বাচনকে ঘিরে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য মজুত করা হচ্ছিল।

Post a Comment

0 Comments