ব্রাজিল জিতলেও ভিনির গোল বাতিল নিয়ে তোলপাড়: রেফারির সিদ্ধান্তকে ‘ভুল’ বলছেন বিশেষজ্ঞরা


স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হলেও মাঠের আলোচনা যেন থামছেই না। ব্রাজিলের সহজ জয়, নেইমারের প্রত্যাবর্তন এবং ব্যাক-টু-ব্যাক ক্লিন শিটের পরও পুরো ফুটবল বিশ্ব এখন বুঁদ হয়ে আছে ভিনিসিয়ুস জুনিয়রের একটি বাতিল হওয়া গোল নিয়ে। মেক্সিকান রেফারির এই সিদ্ধান্তকে ভুল আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সাবেক ফুটবলার ও রেফারিরা তীব্র সমালোচনা করছেন। এই গোলটি বাতিল না হলে এটি হতে পারত চলতি বিশ্বকাপে ভিনির প্রথম হ্যাটট্রিক।

ম্যাচের ২২ মিনিটের মাথায় স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনরির পেছন থেকে চার্জ করে বল কেড়ে নেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। এরপর চমৎকার ফিনিশিংয়ে বল প্রতিপক্ষের জালে জড়ান তিনি। তবে ফাউলের অজুহাতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর সহায়তায় গোলটি বাতিল করে দেন মেক্সিকান রেফারি সিজার রামোস

রিপ্লেতে দেখা যায়, ভিনিসিয়ুস সরাসরি জ্যাক হেনরিকে কোনো আঘাত করেননি। বরং সামনে থাকা ভিনির পায়ে লেগে স্কটিশ ডিফেন্ডার নিজেই ভারসাম্য হারিয়েছিলেন। এমনকি স্কটল্যান্ডের ফুটবলাররাও শুরুতে ফাউলের কোনো আবেদন জানাননি

ব্রাজিলের সাবেক ফুটবলার লুকাস লেভা সরাসরি দাবি করেছেন, এটি কোনোভাবেই ফাউল ছিল না এবং গোলটি বৈধ হওয়া উচিত ছিল।

প্রিমিয়ার লীগের সাবেক অ্যাসিস্ট্যান্ট রেফারি এবং বর্তমানে বিবিসির আইন বিশ্লেষক ডারেন ক্যান এ বিষয়ে বলেন, “আমার মনে হয় না ভিনির এটা ফাউল ছিল। সে শুধু নিজের জায়গা ধরে রেখেছিল এবং ডিফেন্ডার উল্টো তাকে আঘাত করেছে। এই সিদ্ধান্তে স্কটল্যান্ডের খুশি হওয়ারই কথা”

ভিনিসিয়ুসের এই গোল বাতিলের পর ফুটবলপ্রেমীদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিফার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে এই ঘটনার সাথে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির একটি ফাউলের তুলনা টেনে এনেছেন, যেখানে মেসি মারাত্মকভাবে প্রতিপক্ষের খেলোয়াড়কে আঘাত করেও কোনো শাস্তি বা হলুদ কার্ড পাননি। ভিনির ক্ষেত্রে এমন ‘লঘু পাপে গুরুদণ্ড’ দেওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করছেন সেলেসাও সমর্থকরা

ব্রাজিল ম্যাচটি জিতলেও রেফারির এই একটি বিতর্কিত সিদ্ধান্ত পুরো ফুটবল মহলে নতুন করে ভিএআর এবং রেফারিংয়ের মান নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল

Post a Comment

0 Comments