ভোলার রাজপুর ইউনিয়নে এক বিধবা নারীর তিন একর জমি থেকে জোরপূর্বক ধান লুট এবং তাকে মারধরের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি রাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান হোসেন এবং তার সহযোগী মালেক মিদ্দা।
ভুক্তভোগী বিলকিস বেগমের অভিযোগ, শাহজাহান মেম্বার তার দলবল নিয়ে বিলকিসের তিন একর জমির ধান কেটে নিয়ে গেছেন। এই জমির আয় দিয়েই তার এবং তার তিন সন্তানের সংসার ও সন্তানদের লেখাপড়া চলে। ধান কাটতে বাধা দিলে মালেক মিদ্দা ও তার লোকজন বিলকিস বেগমকে এলোপাতাড়ি মারধর এবং গালিগালাজ করে। বিলকিসের ১৩ বছর বয়সী বড় ছেলে তামিম বাধা দিতে গেলে তার গলায় কাঁচি ধরে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় এলাকাবাসীর মতে, প্যানেল চেয়ারম্যান শাহজাহান ও মালেক মিদ্দা জনসম্মুখেই বিলকিস ও তার ছেলেকে মারধর করে ধান নিয়ে গেছে।
অভিযুক্ত মালেক মিদ্দা দাবি করেছেন যে, তাদের কাছে জমির বৈধ কাগজপত্র আছে এবং সেই অনুযায়ী তারা ধান কেটেছেন। এ বিষয়ে কথা বলতে চাইলে প্যানেল চেয়ারম্যান শাহজাহান হোসেন সরাসরি অস্বীকৃতি জানান।
ভোলা জেলা প্রশাসক জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করে দেখা হবে। জনগণের সেবা দেওয়ার পরিবর্তে যদি কোনো চেয়ারম্যান অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকেন, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শাহজাহান হোসেনের বিরুদ্ধে কেবল ধান লুটই নয়, বরং ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে ঘুষ নেওয়া এবং হয়রানি করার দীর্ঘদিনের অভিযোগ রয়েছে।
অসহায় বিলকিস বেগম ও তার পরিবার বর্তমানে প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দাবি করছেন।
0 Comments