চলমান ইরান যুদ্ধ নিয়ে বিশ্ব রাজনীতিতে নতুন মোড় নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এই যুদ্ধের অবসান হতে পারে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি দাবি করেন, যুদ্ধের প্রধান লক্ষ্যগুলো ইতিমধ্যেই অর্জিত হয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের মতে, খামেনির মৃত্যুর পর ইরানের শাসনব্যবস্থায় পরিবর্তন এসেছে এবং তাদের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ রুদ্ধ করার লক্ষ্য পূরণের পথে যুক্তরাষ্ট্র অনেকটা এগিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, যুদ্ধ শেষ করার জন্য কোনো আনুষ্ঠানিক চুক্তির প্রয়োজন হবে না।
তবে যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানান, ওয়াশিংটনের সাথে তাদের আস্থার জায়গা এখন শূন্যের কোঠায় এবং বার্তা আদান-প্রদান হলেও কোনো আনুষ্ঠানিক সমঝোতা চলছে না।
মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে চীন ও পাকিস্তান যৌথভাবে ৫ দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করেছে। তারা অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
ইরান জুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত রয়েছে, বিশেষ করে ইসফাহান ও ফারুক শাহের শিল্প কারখানাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এর জবাবে আইআরজিসি (IRGC) বোয়িং, টেসলা, মেটা ও গুগলের মতো মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে টার্গেট করার হুমকি দিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশিসহ চারজন আহত হয়েছেন। এছাড়া কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় জ্বালানি ট্যাংকে আগুন লাগার খবর পাওয়া গেছে এবং বাহরাইনেও হামলা চালিয়েছে তেহরান। অন্যদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।
যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতির মাঝে ট্রাম্পের এই ঘোষণা বিশ্বজুড়ে জল্পনা তৈরি করেছে যে, সত্যিই কি মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ফিরবে কি না।
0 Comments