রাজশাহীতে জমি রক্ষায় ভেকুচাপায় যুবকের মৃত্যু; ঘাতক চালক গ্রেফতার


রাজশাহীর মোহনপুর উপজেলায় কৃষি জমি রক্ষায় অবৈধ পুকুর খননে বাধা দিতে গিয়ে ভেকুচাপায় জুবায়ের নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে উপজেলার ধুরইল ইউনিয়নের বড়পাল এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ ঘাতক ভেকু চালককে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে বড়পাল এলাকার কৃষি জমিতে পাশের ভীমনগর গ্রামের প্রভাবশালী মমতাজ হাজীর ছেলেরা জোরপূর্বক পুকুর খনন শুরু করেন। দুই ফসলি জমি রক্ষায় গ্রামবাসী একত্রিত হয়ে বাধা দিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সামনে থাকা জুবায়েরকে লক্ষ্য করে প্রথমে ভেকুর মাথায় থাকা হাতল দিয়ে আঘাত করা হয়। জুবায়ের মাটিতে লুটিয়ে পড়লে চালক তাকে ভেকু দিয়ে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় জুবায়েরকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী রাতেই ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেল ও ঘাতক এক্সকাভেটরটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, ভেকু চালক আব্দুল হামিদকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং সংশ্লিষ্ট অন্যদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

রাজশাহীর পবা ও মোহনপুর এলাকায় কৃষকের সম্মতি ছাড়াই প্রভাবশালী মহলের জোরপূর্বক পুকুর খনন একটি দীর্ঘদিনের সমস্যা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের একাংশের যোগসাজশে বছরের পর বছর ধরে এসব অবৈধ পুকুর খনন চললেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই নিয়ে একাধিক আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও প্রাণহানির মতো ঘটনা ঘটায় জনমনে ক্ষোভ বাড়ছে।

Post a Comment

0 Comments